কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের চাপায় মা ও ছেলে নিহত

জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ইতি খাতুন (৩০) এবং তার ছেলে আফনাফ ইব্রাহিম (৩)। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের সিদ্দিকী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতি খাতুন ও তার ছেলে আফনাফ ইব্রাহিমকে নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে পৌঁছালে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন, আর আব্দুল কাদের সিদ্দিকী আহত হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক হোসেন ইমাম জানান, “একজনকে হাসপাতালে আনা হয়েছিল, তার অবস্থা গুরুতর না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব বলেন, “নিহতদের লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।