জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া অংশে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল একটি বিশালাকৃতির কুমির। কুমিরটির ওজন আনুমানিক সাড়ে ৩ মণ এবং এর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শরিফুল ইসলাম নামের এক জেলের মাছ ধরার জালে কুমিরটি ধরা পড়ে। প্রথমে জালে এটি আটকে থাকতে দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে কুমিরটিকে ডাঙায় তুলে আনা হলে হাজার হাজার উৎসুক জনতা এক নজর কুমিরটি দেখার জন্য ভিড় জমায়।
খবর পেয়ে কুষ্টিয়ার বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পরিবেশ কর্মীদের সহায়তায় কুমিরটিকে উদ্ধার করেন।
জেলে শরিফুল ইসলাম বলেন, “আমরা ৭-৮ জন জেলে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে যাই। দুপুর ১টার দিকে নদীতে জাল ফেলি। প্রথমে মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে, কিন্তু জাল টানার পর দেখি বিশাল আকৃতির একটি কুমির। আমরা জাল কেটে কুমিরটিকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখি। পরে বন বিভাগের লোক এসে কুমিরটিকে নিয়ে যায়।”
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, “কিছুদিন ধরে স্থানীয়রা পদ্মা এবং গড়াই নদীতে কুমির দেখতে পাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা মুরগি, হাঁস ও ছাগল দিয়ে নদীতে রাখি। কয়েকবার কুমিরের দেখা মিললেও হাজারো মানুষের ভিড়ের কারণে আর সেগুলোর সন্ধান পাওয়া যায়নি। তবে আজ (মঙ্গলবার) দুপুরে জানতে পারি, তালবাড়িয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে একটি কুমির ধরা পড়েছে। খবর পেয়ে আমরা এবং কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটিকে উদ্ধার করি। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কুমিরটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।”
কুষ্টিয়ার সমাজিক বনায়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিয়ার রহমান বলেন, “এটি একটি মিঠা পানির কুমির। এসব কুমিরের দৈর্ঘ্য ১০ ফুট পর্যন্ত হতে পারে। কুমিরটিকে উদ্ধার করে নিয়ে এসেছি। পরবর্তীতে উপযুক্ত স্থানে এটিকে অবমুক্ত করা হবে।”











