কুড়িগ্রামে কুয়াশা ও শীতের কারণে জনজীবন স্থবির

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

কুড়িগ্রামে ভোর থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। সড়কে পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে, তবে ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে চলাচল কঠিন হয়ে পড়েছে।

বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শীত ও কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না, যা তাদের জন্য অর্থনৈতিক সমস্যা তৈরি করেছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি বলে জানানো হয়েছে।

কুড়িগ্রাম সদরের যাত্রপুর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার কৃষক রহিম উদ্দিন বলেন, “মাঘ মাসে ঠাণ্ডা বেশি হয়, এ সময় মাঠে-ঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ যে কুয়াশা পড়ছে, তাতে কিছু দেখা যায় না। এমন পরিস্থিতি থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।”

কুড়িগ্রাম শহরের বাসচালক মকবুল হোসেন (৩৫) জানান, “গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, না জানি কখন দুর্ঘটনা ঘটে। তবে গাড়ি না চালালে তো পেটে ভাত জুটবে না।”

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, “আজ বুধবার জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।”