নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে লবণযুক্ত কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এ বছর গরু, খাসি ও বকরির চামড়ার দাম কিছুটা বাড়ানো হয়েছে। সোমবার (২৫ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ ঘোষণা দেন।
তিনি জানান, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে তা হবে ৫৫ থেকে ৬০ টাকা। একইসঙ্গে খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা দরে কেনা-বেচা হবে। গরুর চামড়ার প্রতিপিস দাম ঢাকায় ন্যূনতম ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকার নিচে নামানো যাবে না।
গত বছরের তুলনায় এবারের চামড়ার দামে গরুর ক্ষেত্রে ঢাকার বাইরের অঞ্চলগুলোতে ৫ টাকা, খাসি ও বকরির চামড়ায় ২ টাকা করে বাড়ানো হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মূল্য নির্ধারণের পেছনে রয়েছে চামড়া ব্যবসায় ন্যায্যতা ফিরিয়ে আনা এবং কোরবানিদাতাদের ন্যায্য পাওনা নিশ্চিত করা।
চামড়া শিল্পের সার্বিক উন্নয়ন এবং দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যেই এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। এতে করে বাজারে কৃত্রিম সংকট বা অস্থিরতা সৃষ্টির সুযোগ কম থাকবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা।











