খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ৩ নেতা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেক আসামির জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমানন্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের আবেদন না মেনে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

রিমান্ডের পর সাবেক মন্ত্রী ফারুক খান ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি সাংবাদিকদের প্রশ্নের মুখে আসে। ফারুক খান সাংবাদিকদের বলেন, “কারাগার থেকে কীভাবে স্ট্যাটাস দিবো? কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়? এটা মিথ্যা কথা।”

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপির নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা তার গাড়ি বহরে হামলা চালান। এ সময় হামলাকারীরা খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং বিএনপি নেতাকর্মীদের মারধর করে।

হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন এবং সাধারণ পথচারীরাও ইট-পাথর নিক্ষেপের কারণে আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় আসামিরা মূল্যবান জিনিস ছিনিয়ে নেন এবং জোরপূর্বক আটক করে মুক্তিপণ দাবি করেন।