খুলনার ডুমুরিয়ায় পিকআপের চাপায় প্রাণ গেল ৩ জনের, আহত অন্তত ৫

জেলা প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন:রিনা খাতুন (৩৬) — ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের বাসিন্দা, মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫) — বাগদাড়ি গ্রামের বাসিন্দা, মোহাম্মদ জাহিদুর মোড়ল (২৫) — ইজিবাইক চালক, খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিনা খাতুন ও রুস্তম আলী নিহত হন। আহত ইজিবাইক চালক জাহিদুর মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মণ্ডল বলেন, “ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পিকআপটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।”