অনলাইন ডেস্ক:
গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে, কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতা শহরের ১নং রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। এরপর এক ঘণ্টার বেশি সময় ধরে বুলডোজার দিয়ে টিন ও ইটের তৈরি কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনায় শুধুমাত্র দলীয় কার্যালয়ই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, জেলা যুবলীগ নেতার বাসার গেট এবং ভবনের বিভিন্ন জানালার গ্লাসও ভাঙচুর করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে, বিক্ষুব্ধরা শহরের থানাপাড়া এলাকায় মিছিল নিয়ে অবস্থান নেন এবং সেখানে ইট-পাটকেল নিক্ষেপ সহ আরও ভাঙচুর চালানো হয়।
এছাড়া, বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালও গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময়, ভবনের বিভিন্ন স্থানে থাকা নামফলকগুলিও ভাঙচুর করা হয়।











