অনলাইন ডেস্ক:
ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় রক্তাক্ত হচ্ছে গাজা। সাময়িক যুদ্ধবিরতির প্রতিশ্রুতি থাকলেও, থেমে নেই অনাকাঙ্ক্ষিত হামলা ও প্রাণহানি। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৭৮ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৩,৯৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১১,৪৫১ জন। এই বর্বর অভিযান ইসরায়েল ও হামাসের মধ্যে জানুয়ারি ২০২৫-এ কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে কার্যত লঙ্ঘন করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে আইডিএফ। শুক্রবার পর্যন্ত দেড় বছরের এই সহিংসতায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৪,৩২১ জনে এবং আহতের সংখ্যা ১,২৩,৭৭০ জনে। উদ্বেগজনকভাবে, এই নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।
মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিরোধী আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করছে। অনেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলছেন।











