নিজস্ব প্রতিবেদক :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরসহ সারা দেশে আজ থেকে বিশেষ অভিযান শুরু করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। গাজীপুরে আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান শুরু করা হচ্ছে।
সভাসূত্রে জানা গেছে, গাজীপুরসহ সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে।
এদিকে, গাজীপুরে হামলায় আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।











