নিজস্ব প্রতিবেদক:
ঈদ যাত্রার কারণে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোর এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় কিছুটা ধীর গতিতে চলছে গাড়িগুলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে ভোরে ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, গাজীপুরা পয়েন্টে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার ও স্টেশনের কারণে সড়কের লেন কমে যাওয়ায় যান চলাচল ধীরগতিতে চলছে।
এছাড়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রী উঠানামার কারণে কিছুটা অস্বস্তি সৃষ্টি হয়। তবে বেলা বাড়লে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া ও যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
যাত্রীরা জানান, চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা মোর এলাকায় জামালপুর, শেরপুর, রংপুর, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
এদিকে, যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অশোক কুমার পাল জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহন পরিস্থিতি বেশিরভাগ জায়গায় স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং পোশাক কারখানাগুলোর ছুটির পর যাত্রীদের চাপ সামলানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।











