গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত

জেলা প্রতিনিধি :

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় (ফু-ওয়াং ফুড কারখানার সামনে) ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ ভ্যানের কনডাক্টর রাজু মিয়া (৩৫) এবং পোল্ট্রি ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৪০)।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সালনা হাইওয়ে পুলিশের এসআই হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “মুরগী ব্যবসায়ীর একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুজন ঘটনাস্থলেই নিহত হন।”

তিনি আরও জানান, “দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। তাদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”