গাজীপুরে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি :

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় পি এন কম্পোজিট লিমিটেড পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে তারা বিক্ষোভ শুরু করেন। সকাল ৮টা থেকেই শতাধিক শ্রমিক কারখানা খোলার দাবিতে প্রধান সড়কে জড়ো হন।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর এক শ্রমিক জরুরি প্রয়োজনে কারখানা থেকে বের হলে পরে এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার কয়েকজন শ্রমিক ওই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামেন। সারাদিন শ্রমিকদের বোঝালেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। বিকেলে শ্রমিকরা কাজ ছেড়ে চলে যাওয়ার পর রাতেই প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয় এবং সিদ্ধান্তের নোটিশ প্রধান ফটকে টানানো হয়।

নোটিশে কারখানা কর্তৃপক্ষ দাবি করে, শ্রমিকরা “অযৌক্তিক দাবি” তুলে বেআইনিভাবে উৎপাদন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যার ফলে রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়ে কোম্পানি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রমিকদের ধর্মঘটকে বেআইনি বলে উল্লেখ করে নিরাপত্তার স্বার্থে ১৩(১) ধারা মোতাবেক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে উত্তেজিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

কারখানার ব্যবস্থাপক তাপস জানান, “এক শ্রমিকের বাইরে যাওয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আলোচনা করেও শ্রমিকদের কাজ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সোমবারও তারা কাজ বন্ধ রাখায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ছাড়া উপায় ছিল না।”

কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “আমরা শ্রমিক ও কর্তৃপক্ষ উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”