গুম-খুনের বিচার অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে: জামায়াতের আমীর

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের যারা মানুষ খুন করেছে, তাদের বিচার হতে হবে—এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামির আমীর ড. শফিকুর রহমান। শনিবার সকালে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “গুম-খুনের অপরাধীদের অবশ্যই বিচার হবে এবং অগ্রাধিকার দিয়ে এই বিচার করতে হবে।” তিনি অভিযোগ করেন, দেশে মামলা বাণিজ্য চলছে, নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে, যা বন্ধ করতে হবে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত ১৫ বছর আমাদের সঙ্গে যা করেছে, আজ তাদের সঙ্গেও তা হচ্ছে। তাদের বিনা ভিসায় দেশ ছাড়তে হয়েছে। আমাদের হাঁটু কাটতে গিয়ে তারা নিজের হাঁটু দুই টুকরো করে ফেলেছে।”

তিনি শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “শিক্ষা কাঠামো এমনভাবে গঠন করা হবে, যেখানে শিক্ষার্থীরা সার্টিফিকেটের পাশাপাশি কাজও পাবে।”

জামায়াত কর্মীদের সততা ও শৃঙ্খলার উদাহরণ টেনে শফিকুর রহমান বলেন, “জামায়াতের কর্মীরা চাঁদাবাজি ও লুটপাট করে না, কারণ তারা জানে এটি হারাম।” তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং দেশ গঠনে অংশগ্রহণের আহ্বান জানান।

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, ফখরুল ইসলাম ও মাওলানা হাবিবুর রহমান।

সম্মেলনে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।