জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) এবং তাঁর ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৮)।
পুলিশ জানায়, নিহত ও আহতরা একটি নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে যাচ্ছিলেন। পথে হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে নছিমনটি দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের কাচও ভেঙে যায়। তবে বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি।
দুর্ঘটনায় নছিমনে থাকা আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর ছোট ভাই জাহাঙ্গীর আলমও গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও নছিমন উদ্ধার করে। নিহতদের মরদেহও উদ্ধার করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











