নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বুধবার (১৬ জুলাই) বিকেলে এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত পদযাত্রায় পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা যে ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলা চালিয়েছে, তা গভীরভাবে উদ্বেগজনক। তিনি বলেন, ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আওয়ামী স্বৈরাচার পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় নেমেছে।
এই হামলার মধ্যে ককটেল বিস্ফোরণ, ইউএনও এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের সদস্যদের আহত করার ঘটনা—সবই একটি পরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত বহন করে বলে দাবি করেন ফখরুল।
তিনি বলেন, আইনশৃঙ্খলার চরম অবনতির সুযোগে আওয়ামী দোসরেরা ‘মরণকামড়’ দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এমন ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে দেশ যেন আর কখনও ফ্যাসিবাদের কবলে না পড়ে, সে জন্য সব শ্রেণি-পেশার মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
বিএনপি মহাসচিব এ ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে হামলায় আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।











