নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাতটি ইউনিট আড়াই মাস ধরে গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। এর ফলে দেশের বিদ্যুৎ সরবরাহে চাপ সৃষ্টি হচ্ছে এবং কেন্দ্রটির অবস্থা দিন দিন আরও সংকটজনক হয়ে উঠছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত দুই বছর ধরেই গ্যাস সরবরাহে সমস্যার কারণে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ইউনিট পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে।
বিশেষ করে, গত ৯ জুন ২১০ মেগাওয়াটের ৫ নম্বর ইউনিট, ১৩ জুন ৩৬০ মেগাওয়াটের ৪ নম্বর ইউনিট এবং ১৪ জুন ৩৬০ মেগাওয়াটের ৭ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়। এছাড়া, ৩ নম্বর ইউনিটের টারবাইন রোটারের ব্লেডে সমস্যা দেখা দেয়ায় সেটিও বর্তমানে মেরামতের পর্যায়ে রয়েছে।
এনামুল হক বলেন, সরকারের সার কারখানায় গ্যাস দেওয়ার কারণে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে বিকল্প গ্যাস সরবরাহের আবেদন করা হয়েছে। যান্ত্রিক কোনো সমস্যা না থাকায় গ্যাস সরবরাহ শুরু হলেই উৎপাদন পুনরায় চালু হবে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস অনুযায়ী, ২০১০ সালে ৬ নম্বর ইউনিটে আগুন লেগে তা বন্ধ হয়ে যায়। ১ ও ২ নম্বর ইউনিটও যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ রয়েছে এবং সেগুলো ভেঙে নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা চলছে।











