নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সংকটে বিপর্যস্ত তৈরি পোশাক কারখানাগুলোর জন্য আশার বার্তা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (৩১ মে) সকালে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “চারটি নতুন এলএনজি কার্গো এসেছে। সরবরাহ শুরু হয়েছে। আজ থেকেই গ্যাস সংকট থাকবে না।”
তিনি আরও জানান, “উত্তাল সমুদ্রের কারণে গ্যাস খালাসে দেরি হয়েছে। আজ থেকে গ্যাস সরবরাহ বাড়বে। ইতোমধ্যে দৈনিক ৫০ এমএমসিএফডি সরবরাহ বেড়েছে। আরও ১০০–১৫০ এমএমসিএফডি সরবরাহ বাড়ানোর প্রস্তুতি চলছে।” এছাড়া, আরও চারটি এলএনজি কার্গো আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় তিনি পল্লী বিদ্যুৎ সমিতিতে চলমান অসন্তোষের বিষয়ে বলেন, “আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, অচল অবস্থাও নেই। যৌক্তিক দাবি থাকলে তা সমাধানের চেষ্টা করা হবে।”
উপদেষ্টা ফাওজুল কবির খান আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে তিনি বিভিন্ন শিল্প এলাকায় সরেজমিনে যাচ্ছেন।
“প্রথমে বেপজা, এরপর চন্দ্রা, মির্জাপুর, কালিয়াকৈর, ভালুকা ও টঙ্গী এলাকার শিল্প কারখানার জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।”
এর আগে তিনি আশুলিয়ার ঢাকা পল্লী বিদ্যুৎ-১ অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।











