গ্যাস সরবরাহ চার দিন বন্ধ থাকার খবরটি গুজব: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার দাবিটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সংস্থাটির ভাষ্যমতে, কক্সবাজারের মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে আগামী চার দিন গ্যাস সরবরাহ কিছুটা কমতে পারে, তবে তা পুরোপুরি বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই।

মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা পরিষ্কার করেছে যে, মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজিতে বর্তমানে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। এর ফলে আসন্ন চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, একটি কুচক্রী মহল বিভিন্ন সংবাদমাধ্যমের পুরোনো বা ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে মর্মে অপপ্রচার চালাচ্ছে। মূলত সাধারণ মানুষের মনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই অপচেষ্টা চালানো হচ্ছে, যা ইতিমধ্যেই পেট্রোবাংলার নজরে এসেছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি; তবে সরবরাহ কিছুটা হ্রাসের কারণে দেশের কিছু কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।

এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।