নিজস্ব প্রতিবেদক:
সংবিধানে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি সংশোধনী আনতে চায় সরকার। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে সুপারিশ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৪ আগস্ট) সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধানে আমরা গ্রহণযোগ্য একটি সংশোধনী আনতে চাই। জনপ্রত্যাশা আমরা ধারণ করতে চাই। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।”
বিশেষ কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম দেওয়ার কথা থাকলেও এখনো তা পাওয়া যায়নি বলে জানান তিনি। তার আশা, বিরোধী দল বিষয়টি অনুধাবন করে একপর্যায়ে তাদের প্রতিনিধি মনোনয়ন দেবে। এরপর তাদের সঙ্গেও আলোচনা করা হবে।
তবে বিরোধী দল থেকে প্রতিনিধি দেওয়া না হলেও সংসদে থাকা বিরোধী দলের সদস্যদের মতামত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা চাইলে বিশেষ কমিটির বৈঠকে এসে পরামর্শ দিতে পারবেন। বৈঠকের বাইরে থেকেও লিখিতভাবে মতামত দিলে তা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিরোধী দলকে কমিটির আলোচনায় কীভাবে যুক্ত করা হবে, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সবসময় বিরোধী দলকে স্বাগত জানাবো।”
বিশেষ কমিটির কাজের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ নেই, বরং প্রত্যাশা রয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই কাজ এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা উদার ও উন্মুক্ত। সবার কথা শুনবো।”
সংবিধান সংশোধনের উদ্যোগের পেছনে ছাত্র গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও শহীদদের আকাঙ্ক্ষার বিষয়টিও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এত বড় একটি ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। এর ফলে জাতির প্রত্যাশা অনেক বেড়েছে, পাশাপাশি শহীদদেরও আকাঙ্ক্ষা ছিল।
সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।











