গ্রীষ্মে ত্বক ও চুলের যত্নে ৫টি কার্যকরী ঘরোয়া টিপস

অনলাইন ডেস্ক:

গ্রীষ্মের তাপমাত্রার বৃদ্ধি শুধু শরীরকে ক্লান্ত করে না, ত্বক ও চুলেও মারাত্মক প্রভাব ফেলে। অতিরিক্ত ঘাম, ধুলোবালি এবং রোদে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক, আর চুলও বিবর্ণ হয়ে যায়। তবে দামি প্রসাধনী ছাড়াও কিছু ঘরোয়া উপাদানে সহজেই ত্বক ও চুলের যত্ন নেওয়া সম্ভব। চলুন, গ্রীষ্মে ত্বক ও চুলের জন্য ৫টি কার্যকরী ঘরোয়া টিপস জেনে নিই।

১. লেবু ও গোলাপজলের টোনার
লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা ত্বক উজ্জ্বল করে। গোলাপজল ত্বক ঠান্ডা করে এবং রোমছিদ্র বন্ধ রাখতে সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন: সমান পরিমাণ লেবুর রস এবং গোলাপজল মিশিয়ে তুলায় নিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি সন্ধ্যায় ব্যবহার করা সবচেয়ে কার্যকর।

২. শসা ও মধুর ফেসপ্যাক
শসা ত্বক ঠান্ডা রাখে এবং রোদে পোড়া দাগ কমায়, আর মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে।
যেভাবে ব্যবহার করবেন: ১ টেবিল চামচ শসার রস ও ১ চা চামচ মধু মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

৩. অ্যালোভেরা জেল ব্যবহার করুন ত্বক ও চুলে
অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এটি চুলের গোঁড়া শক্ত করে এবং রোদে পোড়া ত্বক ঠান্ডা রাখে।
যেভাবে ব্যবহার করবেন: চুলে শ্যাম্পু করার আগে অ্যালোভেরা জেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ত্বকে ঘুমানোর আগে পাতলা করে লাগান। ফ্রেশ গাছের পাতাও ব্যবহার করতে পারেন।

৪. লিচু ও দইয়ের হেয়ারপ্যাক
গরমে চুল রুক্ষ হয়ে যায় এবং স্ক্যাল্পে ঘাম জমে খুশকি বাড়ে। লিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং দইয়ের ল্যাকটিক অ্যাসিড চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন: ২-৩টি পাকা লিচু চটকে তার রস বের করুন। এতে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন।

৫. পাকা কলা ও নারকেল তেলের প্যাক চুলের জন্য
পাকা কলা চুলের রুক্ষতা কমায় এবং নারকেল তেল চুলে পুষ্টি জোগায়।
যেভাবে ব্যবহার করবেন: ১টি পাকা কলা চটকে ১ চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার এটি ব্যবহার করুন।

গ্রীষ্মে ত্বক ও চুলের জন্য এই সহজ ঘরোয়া টিপসগুলো অনুসরণ করলে আপনি নিজেকে সতেজ এবং সজীব রাখতে পারবেন, তবে প্রাকৃতিক উপাদানের সাহায্যে যত্ন নিতে হবে নিয়মিত।