চট্টগ্রাম বন্দরে ৩৭ হাজার টন চাল এসে পৌঁছেছে

অনলাইন ডেস্ক:

মিয়ানমার ও ভারত থেকে আমদানিকৃত চালের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এতে মোট ৩৭ হাজার টন চাল রয়েছে। এর মধ্যে ২২ হাজার টন চাল মিয়ানমার থেকে এবং ১৫ হাজার টন চাল ভারত থেকে আনা হয়েছে। গতকাল বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে চালটি জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে এবং ভারত থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়েছে। এ বছর দেশীয় বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে অন্তবর্তীকালীন সরকার প্রায় দশ হাজার টন চাল কেনার পরিকল্পনা করেছে। এর আগেও, এই দুই দেশ থেকে কয়েক দফায় চাল আমদানি করা হয়েছে।