নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিশ্বের বৃহৎ কোম্পানিগুলোর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে কয়েকটি বিদেশি বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ আশ্বাস পেয়েছে।
রবিবার দুপুরে রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, “আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, বরং চাই বড় বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো বন্দরের টার্মিনালে বিনিয়োগ ও ব্যবস্থাপনার দায়িত্ব নিক। এর মাধ্যমে বন্দরের সক্ষমতা বাড়বে, যা পুরো বাংলাদেশের অর্থনীতিতে বহুগুণ প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে বৈশ্বিক ট্রেডে প্রোটেকশনিজম বাড়লেও, বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। এখনই সঠিক ব্যবস্থাপনায় এই অবস্থাকে কাজে লাগাতে হবে।”
চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রেস সচিব। তার মতে, “বন্দরের দক্ষতা বাড়ানো ছাড়া ম্যানুফ্যাকচারিং হাব হওয়া সম্ভব নয়। আমাদের ম্যানেজমেন্ট স্কিল এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি।”
সাবেক সরকারের অর্থনৈতিক অঞ্চল প্রকল্প নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার আমলে গঠিত ১০০টি ইকোনমিক জোন পড়ে আছে। সেখানে এখন মহিষের বাগান হয়েছে। বিনিয়োগকারীরা আসছেন না, কারণ আমাদের বন্দরের সক্ষমতা নেই। দ্রুত কিছু উৎপাদন ও রপ্তানির সক্ষমতা আমাদের এখনও তৈরি হয়নি।”











