জেলা প্রতিনিধি :
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র সৌম্য দীপ সরকার আপনের (১৭) লাশ একদিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর শহরের গাছতলা সেতুর নিচে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন সৌম্য। তিনি মিশন রোড এলাকার মানিক রঞ্জন সরকারের একমাত্র ছেলে এবং পুরানবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌম্য তার তিন বন্ধুর সঙ্গে নদী পার হওয়ার প্রতিযোগিতায় সাঁতার শুরু করেন। এ সময় একটি দ্রুতগামী বলগেটের ঢেউয়ের ধাক্কায় তিনি তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সন্ধ্যায় গাছতলা সেতুর নিচে তার লাশ উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল জানান, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি নিয়ে সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।










