চাঁদপুরে ৭ মুসল্লি নিয়ে আগাম ঈদ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে এবার ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। মাত্র ৭ জন মুসল্লি নিয়ে দুই দিন আগেই ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের একটি এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ছোট পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাদ্রা দরবার শরিফের অনুসারী কয়েকজন মুসল্লি।

 

জানা গেছে, আন্তর্জাতিকভাবে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নেন। বিশেষ করে আফগানিস্তান, মালি ও নাইজারের চাঁদ দেখার খবরকে অনুসরণ করেই তারা আগাম ঈদ উদযাপন করেন।

 

এ বিষয়ে আয়োজকদের একজন জানান, ইসলাম বিশ্বজনীন ধর্ম হওয়ায় চাঁদও সবার জন্য একই। তাই বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা উচিত-এই বিশ্বাস থেকেই তারা নামাজ আদায় করেছেন।

 

তবে একই দরবারের মধ্যেই এ নিয়ে মতভেদ দেখা গেছে। অনেকেই ওই তথ্যকে সঠিক মনে করেননি এবং প্রচলিত নিয়ম অনুযায়ী ঈদ পালনের পক্ষেই অবস্থান নিয়েছেন।

 

স্থানীয়রা বলছেন, এত অল্প সংখ্যক মুসল্লি নিয়ে এবং নির্ধারিত সময়ের আগেই ঈদের জামাত আয়োজনের ঘটনা আগে দেখা যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় ধর্মীয় ও সামাজিকভাবে আলোচনা-সমালোচনা চলছে।