চাঁদপুর সড়ক বিভাগের জনবল সংকট: ৭২ পদের ৪০টি শূন্য, আরও ৩ জন অবসরে যাচ্ছেন

অনলাইন ডেস্ক:

চাঁদপুর সড়ক বিভাগের অনুমোদিত ৭২টি পদের মধ্যে ৪০টি পদই শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এই জনবল সংকটের কারণে সড়ক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকা- ব্যাহত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে অফিসের কাজে। বিশেষ করে, তিনজনের কাজ এক জনকে করতে হচ্ছে, যা দীর্ঘদিন ধরে চলে আসছে।

চাঁদপুর সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি পাঠানো হলেও জনবল নিয়োগে তেমন কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই সমস্যার সমাধান না হওয়ায় অফিসে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। গত বছর থেকেই সড়ক বিভাগের কর্মকর্তারা এই সমস্যা তুলে ধরেছেন।

জনবল সংকটের কারণে চলতি মাসে আরও দুজন এবং আগামী মার্চে একজন কর্মকর্তা অবসরে যাওয়ার কারণে শূন্যপদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে শূন্য পদের মধ্যে রয়েছে উপবিভাগীয় প্রকৌশলী (১ জন), উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৩ জন, কম্পিউটার অপারেটর ১ জন, এসএসি (ক্যাশিয়ার) ১ জন, উচ্চমান সহকারী ২ জন, ওয়ার্ক সুপারভাইজার ২ জন, ড্রাফটস ম্যান ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন, কার্য সহকারী ৬ জন, ট্রেসার ১ জন, মেশন ১ জন, ক্যাশ সহকারী ১ জন, বিটুমিন মিস্ত্রি ২ জন, অফিস সহায়ক ২ জন, হেলপার ১ জন, সড়ক শ্রমিক ৪ জন, মালি ১ জন, স্টকগার্ড ২ জন এবং নিরাপত্তাপ্রহরী ৩ জন।

এ ব্যাপারে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, “জনবল সংকট আমাদের কার্যক্রমে কিছুটা ব্যাহত করছে, কারণ তিনজনের কাজ এক জনকে করতে হচ্ছে, যা সঠিকভাবে চলতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছি, এবং আশা করি শিগগিরই এই সমস্যার সমাধান হবে।”