চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক:

গতকাল বুধবার বেলা সোয়া ১২টার দিকে, আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তাদের দাবির মধ্যে ছিল ‘নতুন স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার পোশাক ফিরিয়ে দে নইলে বিষ কিনে দে’, ‘দাবি মোদের একটাই নির্বাহী আদেশ চাই’।

বেলা দুইটার দিকে তারা ফুটপাট থেকে নেমে সড়ক অবরোধ করেন, এতে দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সদর দপ্তরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সরেজমিনে দেখা যায়, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা সড়ক অবরোধ করে স্লোগান দিয়ে অবস্থান করছেন, তাদের সামনে পোশাক পরিহিত পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন।

চাকরি ফিরে পেতে আন্দোলনরত সদস্যরা জানান, তারা ছয় মাস ধরে তাদের দাবির প্রতি সরকারের সাড়া আশা করছেন। চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, “আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন, কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়িত হয়নি।”

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, “চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তাব দিয়েছি।”