চাটমোহরে শিমুলতলা-আটলংকা-ফৈলজানা সড়কের বেহাল দশা

জেলা প্রতিনিধি :

পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিমুলতলা-আটলংকা-ফৈলজানা সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। ব্যস্ততম এই সড়কটিতে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে যানবাহন চলাচল দুরূহ হয়ে পড়ে, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশ ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। যানবাহনগুলোকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। অথচ এই সড়ক দিয়েই চাটমোহর উপজেলার দক্ষিণাঞ্চলের অন্তত তিনটি ইউনিয়নের মানুষ ও পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার জনগণ প্রতিদিন যাতায়াত করে। অসংখ্য যানবাহনও চলাচল করে এই রুটে।

এই সড়কের পাশে, আটলংকা বাজারের অদূরে একটি ১৫ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটির ব্যয় নির্ধারিত হয়েছে ২ কোটি ২২ লাখ টাকা। তবে শুধুমাত্র ব্রিজ নির্মাণ নয়, পুরো সড়কটির সংস্কারও জরুরি বলে দাবি করছেন এলাকাবাসী।

সড়কটির দুরবস্থার বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।