নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে একটি বাসায় আজ সকালে রান্না করার জন্য চুলায় দিয়াশলাইয়ের আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে মদনপুরের চানপুর এলাকায় আক্তার হোসেনের বাড়ির একটি ফ্ল্যাটের এ ঘটনায় দগ্ধ হলেন- আহমদ মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) ও অন্য পরিবারের এক শিশু হযরত আলী (৮)।
বর্তমানে তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
ঘটনাসূত্রে জানা গেছে, সকালে রান্না করার জন্য চুলায় দিয়াশলাইয়ের আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। কোনো কিছু বুঝার আগেই দগ্ধ হন ৫ জন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়।
আহতরা জানায়, সিলিন্ডারের পাইপ লিকেজ থাকায় আগে থেকেই গ্যাস জমা হয়েছিলো। চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে রান্না ঘর হয়ে সারা ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, ৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচজনের মধ্যে সুলতানার শরীর ৯০ শতাংশ, সিয়ামের ৭৭, মিমের ৪১, মান্নানের ৩০ ও হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।











