নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের রেটিনায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (১২ মে) সকালে হঠাৎ চোখে সমস্যা অনুভব করেন ফখরুল। পরে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান, যেখানে পরীক্ষার পর চিকিৎসকরা জানান তার একটি চোখের রেটিনায় জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।
চিকিৎসকদের পরামর্শে তাকে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৬ এপ্রিলও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।











