জয়পুরহাটে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ

জেলা প্রতিনিধি:

জয়পুরহাট সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

 

বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে সীমান্তের ২৭৬ নম্বর মূল সীমান্ত পিলারের কাছে বিএসএফ সদস্যরা ওই তিন যুবককে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিষয়টি বুঝতে পেরে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা দ্রুত টহল জোরদার করেন এবং প্রতিরোধ গড়ে তোলেন।

 

এ ঘটনার পরপরই কড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে যোগ দেন পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের শতাধিক বাসিন্দা। ২৭৬ নম্বর সীমান্ত সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কপথে বিজিবি ও গ্রামবাসী সতর্ক অবস্থান নিলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ভেস্তে যায়। পরবর্তীতে বাধ্য হয়ে বিএসএফ সদস্যরা ওই তিন যুবককে নিজেদের সীমানার ভেতরে ফিরিয়ে নিয়ে যান।

 

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১১টায় বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি কড়িয়া ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এক ঘণ্টার এ বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত মেলেনি।

 

বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন জানান, বিএসএফ অন্যায়ভাবে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তারা ফেরত যেতে বাধ্য হয়েছেন।

 

এ ঘটনায় দিন শেষে আবারও পতাকা বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন বিওপি কমান্ডার।

 

এদিকে সীমান্তে বিজিবি সদস্যরা টহল জোরদার করে অত্যন্ত সতর্কবস্থায় রয়েছেন।