জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি ও তার প্রতিনিধি দল রওনা হন।

বিমানবন্দরে অধ্যাপক ইউনূসকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

প্রধান উপদেষ্টার দুবাই হয়ে ২ অক্টোবর (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনূস গত ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। ২৬ সেপ্টেম্বর তিনি ইউএনজিএ-তে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

সফরের শেষ দিনে, ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া তুলে ধরেন এবং জাতিসংঘের সমর্থন কামনা করেন। জাতিসংঘ মহাসচিবও বাংলাদেশে চলমান গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

এছাড়া, নিউইয়র্কে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা ও মিয়ানমারের সংখ্যালঘুদের পরিস্থিতি’, ‘সোশ্যাল বিজনেস’, এবং ‘ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টগুলোতেও সক্রিয় অংশগ্রহণ করেন অধ্যাপক ইউনূস।

এ সফরে তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।