নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ২০২৫ সালের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। ১৭ ডিসেম্বর, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান।
এই সাক্ষাৎকালে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বহুপাক্ষিকতা প্রসারে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, খাদ্য এবং পানি নিরাপত্তাহীনতা সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে।
রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে এক সম্মেলন আয়োজনে সহযোগিতা কামনা করেন। তিনি রোহিঙ্গা মুসলমানদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ সংকটের টেকসই সমাধানের জন্য একটি কার্যকর সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবের সহায়তা চান।
জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি ২০২৫ সালে এই সম্মেলনের জন্য জাতিসংঘের পূর্ণ সমর্থন নিশ্চিত করেন এবং সংকটের দ্রুত সমাধানের জন্য সম্মেলনের সফলতা নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত মুহিত আরও জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন যে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুহিতের অসামান্য কূটনৈতিক অবদানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, বহুপাক্ষিকতার ক্ষেত্রে তার অভিজ্ঞতা আগামী বছরগুলোতে বাংলাদেশের কাজে আসবে।
বিদায়ী সাক্ষাৎকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং মহাসচিবের নির্বাহী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মুহিত ২০২২ সালের আগস্টে বাংলাদেশ স্থায়ী মিশনে যোগ দেন এবং তিনি জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের নভেম্বরে, তিনি ২০২৫-২০২৮ মেয়াদের জন্য মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হন।











