অনলাইন ডেস্ক:
জাপানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত অন্তত একজন নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষকে নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।
জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দাবানলটি ওফুনাতো শহরের কাছে ছড়িয়ে পড়েছে এবং প্রায় ২,১০০ হেক্টর এলাকাকে গ্রাস করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১,৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে এবং ১৬টি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
সরকারি সূত্র জানায়, ৮৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৪,৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ২,০০০ জন স্বেচ্ছায় আত্মীয় বা বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছে এবং ১,২০০ জনকে বিশেষ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যম এনএইচকে-র প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দাবানলের আগুনের শিখা আকাশে উঠে গেছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এটি গত ৩০ বছরে জাপানের সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯৯২ সালে হোক্কাইডো দ্বীপে দাবানলে ২,৫০০ একর জমি পুড়ে গিয়েছিল, তার পর থেকে এটি সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে গণ্য হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগতে পারে। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র: এএফপি, জাপান টাইমস, এনএইচকে










