অনলাইন ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের পাশ থেকে এক ইন্টারনেট কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কর্মচারীর নাম প্রীতম রায় (২৩)। তিনি মাদারীপুর জেলার বাসিন্দা ছিলেন এবং মাস্টারনেট নামক ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ১টার দিকে। প্রীতম সহ চারজন কর্মচারী ওই রাতেই ইন্টারনেট মেরামতের জন্য হলের সামনে আসেন। রাত ১০টার দিকে প্রীতম মীর মশাররফ হোসেন হলের এ-ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন, বাকি তিন কর্মী হলের অন্য জায়গায় কর্মরত ছিলেন।
মাস্টারনেটের মালিক মো. রুবেল জানান, রাত ১১টার দিকে প্রীতম তার সহকর্মীদের ফোনে জানিয়েছিলেন যে দুটি লেজার মেরামত করেছেন এবং আরও দুটি কাজ বাকি ছিল। কিন্তু এরপর তার আর কোনো সাড়া পাওয়া যায়নি। সহকর্মীরা তাকে ফোন করলে তিনি ফোন ধরেননি। পরবর্তীতে তারা খোঁজাখুঁজি শুরু করেন।
প্রীতমের সহকর্মী মো. লিংকন জানান, তাদের মধ্যে একবার ফোনে কথা হয়েছিল, কিন্তু তার পর থেকেই প্রীতমের ফোন বন্ধ ছিল। শেষে প্রীতম যে জায়গায় কাজ করছিলেন, সেখান থেকে তার ফোনের রিংটোন শোনা যায়। নিচে গিয়ে তারা দেখতে পান, প্রীতম মাটিতে পড়ে আছেন।
এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান জানান, তিনি ধারণা করছেন, প্রীতম হয়তো ছাদের চিলেকোঠার অংশের কার্নিশ ধরে ওপরে উঠতে গিয়ে পড়ে গেছেন। কারণ, তিনি ঘটনাস্থলে ভাঙা ইটও দেখতে পান।
প্রীতমের মৃতদেহ উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











