অনলাইন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল এখন পুরোপুরি মনোযোগ দিয়েছেন চলচ্চিত্রে। দীর্ঘদিন নাটকে না দেখা গেলেও, বড় পর্দায় তার ব্যস্ততা বাড়ছে। জাজ মাল্টিমিডিয়ার ‘জিন’ ও ‘জিন টু’ সিনেমায় পূজা চেরীর সঙ্গে জুটি বেঁধে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এবার আসছে সিরিজের তৃতীয় কিস্তি ‘জিন থ্রি’, যেখানে পূজার পরিবর্তে সজলের নতুন নায়িকা হয়েছেন নুসরাত ফারিয়া।
পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছেন, ‘জিন থ্রি’ আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে। ছবির শুটিং ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। মুন্সিগঞ্জ ও নবাবগঞ্জে দৃশ্যধারণের পর সম্প্রতি ঢাকায় ফিরেছেন সজল ও নুসরাত ফারিয়া। এখন বাকি আছে কিছু অ্যাকশন ও গানের শুটিং, যা রোজার আগেই শেষ হবে বলে জানা গেছে।
সজল বলেন, ‘আগের দুটি পর্বের তুলনায় এবারের গল্পে আরও বেশি রোমাঞ্চ ও চমক থাকবে। পরিচালক অত্যন্ত যত্ন নিয়ে ছবিটি তৈরি করছেন, যাতে ঈদের ছবি হিসেবে দর্শকের বিনোদনের ঘাটতি না থাকে। আমরা সবাই অনেক কষ্ট করে কাজ করছি। আমার বিশ্বাস, ছবিটি দর্শকদের মন ভরাবে।’
পরিচালক রোমানও আশাবাদী, বলেন, ‘এবারের গল্প নিয়ে এখনই বেশি কিছু বলতে চাই না, তবে হরর সিনেমা হিসেবে দর্শক যা আশা করেন, সেটির চেয়েও বেশি কিছু পেতে যাচ্ছেন। সজল ও ফারিয়ার অভিনয় দর্শকদের নতুন জুটির স্বাদ দেবে বলে আশা করছি।’
প্রথম সিনেমা ‘জিন’ মুক্তি পায় ২০২৩ সালে এবং তার সিক্যুয়েল ‘মোনা: জিন টু’ ২০২৪ সালে মুক্তি পায়। দুটি ছবিই দর্শকমহলে আলোড়ন তোলে, যা নির্মাতাদের তৃতীয় কিস্তি তৈরিতে উৎসাহিত করেছে।
এই নতুন সিক্যুয়েল নিয়ে কৌতূহল বাড়ছে দর্শকদের মাঝে। ‘জিন থ্রি’ কি আগের সিনেমাগুলোর মতোই রহস্য ও ভয়াবহতার মিশেলে দর্শকদের মুগ্ধ করতে পারবে? উত্তর মিলবে আসন্ন রোজার ঈদে!











