অনলাইন ডেস্ক:
দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আলোচিত ঠিকাদার জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে রায় ৩০ জানুয়ারি ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। বুধবার এই রায়ের তারিখ ঘোষণা করেন আদালতের বিচারক মো. রবিউল আলম।
দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, মামলাটি রায়ের জন্য প্রস্তুত ছিল, তবে আসামিপক্ষের আইনজীবী রায়ের জন্য উত্থাপিত যুক্তিতর্কের ওপর পুনরায় শুনানি করতে আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং সংক্ষিপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। দুদকও তাদের রিপ্লাই দাখিল করে। এর পরবর্তী শুনানির জন্য ৩০ জানুয়ারি রায়ের তারিখ ঠিক করা হয়েছে।
এই মামলাটি ২০১৯ সালের ২১ অক্টোবর দায়ের করা হয়, যেখানে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালের ১৭ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন এবং ২০২২ সালের ১৮ অক্টোবর আদালত তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করার আদেশ দেন।











