অনলাইন ডেস্ক:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর মা এবং হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মরহুম এ.এফ.এম. আব্দুর রহমান চৌধুরীর স্ত্রী, বেগম সিতারা চৌধুরী মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি, বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গতকাল বৃহস্পতিবার এক শোক বার্তায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের এমন তথ্য জানান। বেগম সিতারা চৌধুরী গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯৩৭ সালে ১৪ ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক- সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন। বেগম সিতারা চৌধুরী তার বর্ণাঢ্য জীবনে পরিবার ও সমাজে অগণিত স্নেহধন্য ও গুণাগ্রহী রেখে গিয়েছেন। তিনি দুই পুত্র ও দুই কন্যার জননী ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত আছেন। কনিষ্ঠ পুত্র ড. রিয়াজুর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক। মরহুমার জানাজার নামাজ গতকাল বৃহস্পতিবার বাদ জোহর ধানমডিস্থ তাকওয়া মসজিদে সম্পন্ন হবে এবং পরবর্তীতে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।











