ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জুলাই-আগস্টের গণহত্যা মামলা: আমু, দীপু মণি ও শাহজাহান খানসহ ৬ জন কারাগারে

প্রকাশিত: 22 November 2026, 6:09 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মণি, শাহজাহান খান ও আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পলাতক আসামি মির্জা আজমের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ প্রদান করেন। এদিন সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও অসুস্থতার কারণে মুহাম্মদ ফারুক খানকে হাজির করা সম্ভব হয়নি। এর আগে ট্রাইব্যুনাল এই সাত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছিলেন। এদিকে, শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম।

অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এদিন এই মামলায় গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে আন্দোলন চলাকালে আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে সাঁজোয়া যানের ওপর তুলে রাখেন। এরপর আন্দোলনরত ছাত্র-জনতাকে ভয় দেখাতে ওই অবস্থায় গাড়ি নিয়ে টহল দেওয়া হয়। একপর্যায়ে ইয়ামিনকে প্রায় মৃত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন