অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মামলার মধ্যে ১৯টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারায় মামলা ১১টি। গত বুধবার রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চার্জশিটকৃত ৮টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর, একটি ফেনী, একটি চাঁদপুর, একটি কুমিল্লা, একটি কুড়িগ্রাম জেলার এবং একটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি এবং চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি, পাবনার একটি ও জামালপুর জেলার একটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তাধীন ২টি। রুজুকৃত অন্যান্য সব মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।











