জুলাই ঘোষণাপত্র নিয়ে অংশীজনের মতামত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিবেদক:

জুলাই ঘোষণাপত্র নিয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সর্বদলীয় সংলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সরকার অংশীজনদের অভিমত চিঠি মারফত গ্রহণ করছে। নাগরিকরা তাদের সুচিন্তিত মতামত উপদেষ্টা মাহফুজ আলম বরাবর প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঠিকানায় পাঠাতে পারবেন।

আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত মতামত গ্রহণ করা হবে। পরে এসব মতামত পর্যালোচনা করে সংশোধিত ও সর্বজনগ্রাহ্য একটি ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে এটি দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রেস উইং।