‘জুলাই ঘোষণা’ চূড়ান্তে সব রাজনৈতিক দলের ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক:

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে একটি অন্তর্ভুক্তিমূলক ‘জুলাই ঘোষণা’ প্রণয়নে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “সবার অবদানের স্বীকৃতি দিয়ে অন্তর্ভুক্তিমূলক ঘোষণাপত্র তৈরি করা হবে। প্রক্রিয়ায় সময় লাগতে পারে, তবে তা যেন অযথা বিলম্বিত না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ঘোষণাপত্রটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিকে প্রতিফলিত করবে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব রাজনৈতিক দলের মতামত অন্তর্ভুক্ত থাকবে।

জুলাই ঘোষণায় গণঅভ্যুত্থানের পটভূমি, জনগণের ঐক্যের ভিত্তি এবং ভবিষ্যতের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। সরকার আশা করছে, সকল অংশীজনের অংশগ্রহণ ও সম্মতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে, যা জনগণের ঐক্যকে সুসংহত করবে এবং গণতান্ত্রিক চেতনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।