জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির ৫০ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তারা রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাদুঘরে যান।

 

পরিদর্শনকালে এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। তারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

 

নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য ও মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার, মাহিন সরকারসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

জুলাই জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব এনসিপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে তিনি নেতাদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। সেখানে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, স্মারক ও ঐতিহাসিক দলিল সম্পর্কে তিনি তাদের অবহিত করেন।

 

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি এবং আন্দোলনের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের উদ্দেশ্যে রাজধানীর শেরে বাংলা নগরের সাবেক গণভবনে এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

 

জাদুঘরে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র ও ভিডিওচিত্র, দলিল, সংবাদপত্রের প্রতিবেদন, আন্দোলনে ব্যবহৃত সামগ্রী, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক, পোশাক, ব্যানার ও প্ল্যাকার্ডসহ নানা নিদর্শন স্থান পেয়েছে।

 

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেও জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

 

জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ৫ আগস্ট। পরদিন ৬ আগস্ট থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।