টঙ্গীর আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তা জান্নাতুল নাঈমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দগ্ধ হন জান্নাতুল নাঈম। তাঁর শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় আহত হন ফায়ার সার্ভিসের আরও তিন সদস্য। এর মধ্যে ফায়ার ফাইটার শামীম আহমেদ ২৩ সেপ্টেম্বর, এবং নুরুল হুদা ২৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ মারা গেলেন তৃতীয় সদস্য—জান্নাতুল নাঈম।

প্রয়াত জান্নাতুল নাঈম ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক।

এই ট্র্যাজেডিতে ফায়ার সার্ভিস পরিবারের পাশাপাশি পুরো জাতি শোকাহত। সংশ্লিষ্টদের দাবি, কেমিক্যাল ও উচ্চ ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আরও প্রাণহানি ঘটতে পারে।