টাঙ্গুয়ার হাওরে ৫ বছর মেয়াদি ৪০.৫ লাখ ডলারের নতুন প্রকল্প উদ্বোধন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে “কমিউনিটি-ভিত্তিক টাঙ্গুয়ার হাওর জলাভূমি ব্যবস্থাপনা” শীর্ষক একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ মে) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন হয়।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP), যার বাস্তবায়নকারী সংস্থা পরিবেশ অধিদপ্তর। আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (GEF) এর অর্থায়নে পরিচালিত প্রকল্পটির বাজেট প্রায় ৪০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

প্রকল্পের লক্ষ্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাওরের বাস্তুতন্ত্র সংরক্ষণ, জলাবন পুনরুদ্ধার, এবং বিকল্প পরিবেশবান্ধব জীবিকার সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, “কমিউনিটিকে ক্ষমতায়ন করাই পরিবেশগত স্থায়িত্বের চাবিকাঠি। স্থানীয় জ্ঞান ও বিজ্ঞানের সমন্বয়ে এই প্রকল্প একটি বৈশ্বিক মডেল হতে পারে।”

বিশেষ অতিথি ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার জানান, “টাঙ্গুয়ার হাওরের প্রকল্পটি শুধু সংরক্ষণ নয়, বরং সরকার, জনগণ ও বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।”

সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। তিনি বলেন, “এই প্রকল্প শুধু প্রকৃতি নয়, মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত। স্থানীয়দের সম্পৃক্ত করে একটি সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।”

প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে:

১,৫০০ হেক্টরের বেশি বন ও জলজ বাসস্থান পুনরুদ্ধার

জীববৈচিত্র্য অভয়ারণ্য গঠন

নারী-সহায়ক মাইক্রো-এন্টারপ্রাইজ ও MSME উন্নয়ন

জলাভূমি-ভিত্তিক কৃষি ও মৎস্যচাষ

দায়িত্বশীল পর্যটন

জীববৈচিত্র্য পর্যবেক্ষণ ও বায়োডাইভারসিটি ফাইন্যান্স

লিঙ্গ সমতা এবং জেন্ডার মেইনস্ট্রিমিং

কর্মশালায় সরকারি-বেসরকারি ও উন্নয়ন অংশীদারসহ ১১০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা বাস্তবভিত্তিক পরিকল্পনার বিষয়ে মতামত দেন।