টেকনাফে শতাধিক আইইডি, অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আটক দুজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তাঁরা দুজনই অটোরিকশার চালক।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শনিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় সড়কে তল্লাশিচৌকি বসান। রাত ১০টার দিকে সেখান থেকে ওই দুজনকে আটক করা হয়।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার ও উন্নতমানের টুলবক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বিজিবির ধারণা, দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে টেকনাফে নিয়ে এসেছিল।
বিজিবির কক্সবাজার রামু সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম রোববার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
