ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর শুক্রবার বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।

ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচকই দিনজুড়ে পতনের মধ্য দিয়ে যায়। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে প্রযুক্তিভিত্তিক নাসদাক, যেখানে অ্যাপলের শেয়ারের মূল্য একাই ৩ শতাংশ কমে গেছে। নিউইয়র্ক থেকে এএপি এই তথ্য জানায়।

ইউরোপের বাজারেও নেতিবাচক প্রভাব পড়ে। প্যারিস ও ফ্রাঙ্কফুর্টের সূচক প্রায় ১.৫ শতাংশ কমেছে। বিলাসবহুল পণ্য ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলোর শেয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাম্পের শুল্ক হুমকির কারণে।

লন্ডনের এফটিএসই ১০০ সূচকও দিনের শেষে নেতিবাচক প্রবণতায় পড়ে। যদিও দিনের শুরুতে জার্মানির ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে ডিএএক্স সূচক কিছুটা বেড়েছিল, পরে সেটাও পতনের মুখে পড়ে।

বিশ্লেষকরা বলছেন, এই শুল্কনীতি অর্থনৈতিক যুক্তির চেয়ে অনেক বেশি শাস্তিমূলক উদ্দেশ্যপ্রসূত। কুইল্টার নামক বিনিয়োগ পরামর্শ প্রতিষ্ঠান জানায়, ট্রাম্পের নতুন হুমকি চীনের চেয়ে ইইউকে বেশি লক্ষ্যবস্তু বানাচ্ছে—যা আগের তুলনায় বিস্ময়কর।

তেলের দাম কিছুটা বাড়লেও দিনে তা একবার ১ শতাংশের মতো পড়ে যায়। অন্যদিকে, ডলারের দাম ছিল চাপে।

এমন সময় ট্রাম্প তার নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “ইইউ’র সঙ্গে আলোচনা এগোচ্ছে না। তাই আমি ১ জুন থেকে ৫০% শুল্ক আরোপের সুপারিশ করছি।”

তিনি আরও বলেন, অ্যাপল যদি যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি না করে, তাহলে ওই পণ্যের ওপর ২৫% শুল্ক বসানো হবে। এমনকি এই শুল্ক নীতির আওতায় অন্যান্য স্মার্টফোন নির্মাতাদেরও (যেমন স্যামসাং) পড়ার সম্ভাবনা রয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ ধরনের নীতির কারণে দীর্ঘমেয়াদি বাণিজ্যযুদ্ধের ঝুঁকি বাড়ছে এবং বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।