‘ডান্ডাডান’ অ্যানিমের সিক্যুয়েল: সিজন ২ মুক্তির ঘোষণা

অনলাইন ডেস্ক:

অ্যানিমেশন সিরিজের জগতে ‘ডান্ডাডান’ ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে বিশেষ একটি স্থান। এর মজাদার কাহিনি, হৃদয়গ্রাহী চরিত্র, এবং সৃজনশীল উপস্থাপনার জন্য অ্যানিমেটি ছোট-বড় সকল বয়সী দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর প্রথম সিজনের ১২তম এপিসোডের মাধ্যমে যখন সিজন ১ শেষ হয়, তখন থেকেই দর্শকরা অধীর আগ্রহে সিক্যুয়েলের অপেক্ষা করছিলেন।

সিজন ১-এর চমকপ্রদ ক্লিফহ্যাঙ্গারে শেষ হওয়ার পরপরই, পরিচালক ফুগা ইয়ামাশিরো আনুষ্ঠানিকভাবে ‘ডান্ডাডান’ সিজন ২ মুক্তির ঘোষণা দেন। একই সঙ্গে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্রাঞ্চিরোল ১ মিনিট ২২ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে।

টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে, সিজন ২-এ মূলত জিজি ও ইভিল আই চরিত্রের গভীরতা এবং তাদের গল্পের ওপর ফোকাস করা হবে। প্রথম সিজনের ধারাবাহিকতাকে নতুন মাত্রা দিতে সিজন ২-এ আরও চমকপ্রদ গল্প এবং রোমাঞ্চকর মোড় থাকবে বলে আশা করা হচ্ছে।

সিজন ১, যা সায়েন্স সারু স্টুডিওতে ফুগা ইয়ামাশিরোর পরিচালনায় নির্মিত, ইতোমধ্যেই ২০২৪ সালের অন্যতম সফল অ্যানিমে হিসেবে পরিচিত। সিরিজটি একটি আবেগপূর্ণ কাহিনি ও চমৎকার ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আইএমডিবি-তে ৯.৭/১০ রেটিং অর্জন করেছে। প্রথম সিজনটি যে উচ্চ মানদণ্ড স্থাপন করেছে, তা সিজন ২-এর জন্য প্রত্যাশার মাত্রা আরও বাড়িয়েছে।

সিজন ২-এর ঘোষণায় অ্যানিমে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে অ্যানিমে ফোরামে ‘ডান্ডাডান’-এর সিক্যুয়েল নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশ্লেষকরা মনে করছেন, পূর্বের মতো সিজন ২-ও দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা পাবে এবং অ্যানিমের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখবে।

‘ডান্ডাডান’ সিজন ২-এর মুক্তির ঘোষণা অ্যানিমে জগতের জন্য বড় একটি সংবাদ। সুন্দর গল্প ও চমৎকার অ্যানিমেশন নিয়ে এই সিরিজটি আরও একবার দর্শকদের মন জয় করবে বলে প্রত্যাশা। নতুন সিজনের মুক্তি কবে হবে, তা নিয়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।