অনলাইন ডেস্ক:
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সব দেশকে সমানভাবে দেখার আহ্বান জানিয়েছেন।
নয়াদিল্লি থেকে এএফপি জানায়, মার্কিন সুপ্রিম কোর্টের এক বিরূপ রায়ের পর ট্রাম্প প্রশাসন আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করলে রোববার নয়াদিল্লিতে সাংবাদিকদের এ কথা বলেন লুলা।
তিনি বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আমরা নতুন কোনো স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাই না; আমরা চাই সব দেশকে সমানভাবে বিবেচনা করা হোক।’
মার্কিন সুপ্রিম কোর্ট শুক্রবার ৬-৩ ভোটে রায় দেয় যে, ১৯৭৭ সালের যে আইনের ওপর নির্ভর করে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর আকস্মিক শুল্ক আরোপ করেছিলেন, তা প্রেসিডেন্টকে এ ধরনের শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।
লুলা বলেন, তিনি অন্য দেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে মন্তব্য করতে চান না, তবে আশা করেন ব্রাজিল-যুক্তরাষ্ট্র সম্পর্ক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে। আগামী মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য তিনি ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে।
৮০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান নেতা বলেন, ‘আমাদের আলোচনার পর ব্রাজিল-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। ব্রাজিল শুধু শান্তিতে থাকতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং জনগণের জীবনমান উন্নত করতে চায়।’
কয়েক মাসের টানাপোড়েনের পর ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার সম্পর্ক কিছুটা উন্নতির পথে বলে মনে হচ্ছে। এর অংশ হিসেবে গত বছর আরোপিত ৪০ শতাংশ শুল্ক থেকে ট্রাম্প প্রশাসন ব্রাজিলের কিছু গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যকে অব্যাহতি দিয়েছে।
ভারত সফরে এসে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক সম্মেলনে অংশ নেন লুলা। শনিবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারত ও ব্রাজিল গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মাটির উপাদান (রেয়ার আর্থ) খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয় এবং আরও কয়েকটি চুক্তি সই করে।











