ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৭৪ জন আটক, নিষিদ্ধ সংগঠনের ১২৪ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে আটক করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা করা হয়েছে। আটকদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২৪ জন রয়েছেন।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
আটকদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৫০ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৪৮ জন, উত্তরায় ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ ১৮ জনকে আটক করেছে।
অভিযানে ২টি হাতবোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রামদা, ১টি অটোরিকশা, ১১১টি মোবাইল ফোন, ৫ হাজার ৭২০টি ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা ও ৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামতসহ তাদের আটক করা হয় বলে জানান নিয়াজ মেহেদী। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
