ঢাকার মূলসড়কে ই-রিকশা নিষিদ্ধ, অভ্যন্তরীণ সড়কে চলবে অনুমোদিত মডেল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) ডিএনসিসির আয়োজিত এক সভায় প্রশাসক মোহাম্মদ এজাজ এই ঘোষণা দেন।

‘ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যত করণীয় নির্ধারণ’ শীর্ষক ওই সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, “রাজধানীর মূল সড়কে আর কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না। তবে শহরের অভ্যন্তরীণ সড়কে চলবে কেবল অনুমোদিত স্ট্যান্ডার্ড মডেলের ই-রিকশা।”

তিনি জানান, যানজট নিরসন ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, যারা ই-রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা প্রণয়ন করবে।

সভায় বুয়েটের বিইপিআরসি (বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড কনসাল্টেন্সি) তাদের ‘ই-রিকশা প্রজেক্ট’-এর আওতায় নতুন তিন চাকার স্ট্যান্ডার্ড মডেল প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবিত মডেলটি স্বল্প গতিসম্পন্ন এবং টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশনযোগ্য। এই প্রোটোটাইপ তৈরিতে আগ্রহী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এবং পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ।